স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিমের দিকনির্দেশনায় অপারেশন অফিসার এসআই (নিঃ) গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা করা হয়েছে। মামলাটি মামলা নম্বর-৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০ ও ১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।