খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে পূবাইলের মেঘডুবি এলাকায় এএসকে ক্যাবল লিমিটেড ফ্যাক্টরির সামনে ভোগড়া-কাঞ্চন বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাংগাখালী এলাকার মো. মিজান (২৬) এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার ভাসমান বাসিন্দা আলাউদ্দিন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) এহতেশামের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল-৬ টহল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালানো হয়। সেখানে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত প্রথম আসামি মিজানের কাছ থেকে একটি ধারালো সুইচগিয়ার এবং দ্বিতীয় আসামি আলাউদ্দিনের কাছ থেকে স্টিলের তৈরি একটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় পূবাইল থানায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।