মোঃ আনজার শাহ:
গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ থেকেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার (৬ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি তার দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, আর সেটি হলো দ্বিতীয় বিয়ে।
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইনসাফের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ইনসাফ করাটাই এই পথে সবচেয়ে বড় শর্ত। আর সেই শর্ত পূরণে সক্ষম হওয়ার জন্য আমি আল্লাহর কাছে মাথা নত করে দোয়া করি। যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি কোনো জুলুম না হয়।
লাখো অনুসরণকারীর কাছে দোয়া চেয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানী লেখেন, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন, তাদের অন্তরে প্রশান্তি দেন এবং এই বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দেন। আর আমাকে এমন তাওফিক দিন, যেন আমি সত্যিই ইনসাফের সঙ্গে, তাঁর সন্তুষ্টির জন্যই আমার সংসার পরিচালনা করতে পারি।
উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ইসলামি বক্তা। ধর্মীয় আলোচনা ও বক্তৃতায় তার সরল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা লাখো মানুষের হৃদয় স্পর্শ করে আসছে। তার এই স্ট্যাটাসটি প্রকাশ পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় ওঠে। অগণিত অনুসরণকারী তার পোস্টে মন্তব্য করেন এবং তার ও উভয় পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া করেন।