গেন্ডারিয়ায় ৩৫০ গ্রাম হেরোইনসহ আটক ২, উদ্ধার সুইচ গিয়ার চাকু

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম হেরোইন ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রিপন (৩৬) ও মো. ফারুক ওরফে টেপা ফারুক (৪২)।

রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১ আগস্ট) মীরহাজিরবাগস্থ পাড়গেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫০ গ্রাম হেরোইন এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রিপন ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ টিপুর ঘনিষ্ঠ সহযোগী এবং মীরহাজিরবাগস্থ পাড়গেন্ডারিয়া এলাকায় বিএনপির একটি ইউনিট কমিটির সভাপতি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *