ক্রাইম রিপোর্টার:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সনাটি ইউনিয়নের পাথরাইল গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নূরুজ্জামান খান ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, পাথরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান–এর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে একই গ্রামের মৃত আজিদ খানের ছেলে নূরুজ্জামান খান গংরা।
সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে উক্ত জমি নিয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবার ও নূরুজ্জামান খান গংদের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার পারিবারিকভাবে এবং গ্রাম ও এলাকাবাসীর উপস্থিতিতে গ্রাম্য শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।
পরবর্তীতে ২০১৪ সালে জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন খান। মামলায় তার প্রতিপক্ষ হিসেবে নূরুজ্জামান খানসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়। মামলার বিষয়টি জানাজানি হলে বাদী হারুন খানের ওপর প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালে আদালত মামলার রায় দেন, যেখানে বাদী হারুন খান জয়লাভ করেন এবং জমির দখল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি হঠাৎ করে ওই জমির ওপর আবারও একটি সাইনবোর্ড স্থাপন করে দখলের চেষ্টা চালায় নূরুজ্জামান খান গংরা, যা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে হারুন খান ও নূরুজ্জামান খান গংদের মধ্যে মামলা চললেও আদালতের রায় হারুন খানের পক্ষেই এসেছে। এরপরও পুনরায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় এলাকায় ঝগড়া-বিবাদের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হারুন খান, তার পরিবার এবং এলাকাবাসী।