চকরিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরাফাত হোছাইন:

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চকরিয়া পৌর সার্কিট হাউস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁরা বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। অল্প সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বেশি সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারতেন বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের দীর্ঘ ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁদের অভিযোগ। এ সময়ে গুম ও খুনের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তাঁরা। তাঁদের ভাষ্য, ওই সময় শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা কঠিন ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছেন তাঁরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম ছরু, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা।

এ ছাড়া কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *