মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারের চকরিয়া উপজেলা-এ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং প্রোগ্রামের আওতায় ৩০৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের সুগন্ধা হলরুমে আলোচনা সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্নয়নের মূল বার্তা
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতেই এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত পরিবারগুলোর হাতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সরকারি সহায়তা, ভাতা ও কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রধান ও বিশেষ অতিথি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, মোঃ আবদুল মান্নান ও ওয়াহিদুজ্জামান। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন ও পূর্ববর্তী তথ্য
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দেশের ২০ জেলায় মোট ১৪ হাজার ৩৭৪ জন উপকারভোগীর মাঝে প্রতীকীভাবে এ কার্ড বিতরণ করা হয়েছিল।