চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহীন দেলোয়ার। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দাতা-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল কাদের এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক আনছারুল করিম এবং প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক রিদুয়ানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া থেকে প্রতিবছর বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা সফলতা অর্জন করছে, যা এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক দৃষ্টান্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে। তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বাথরুম, খেলার মাঠসহ সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখার আহ্বান জানান।

প্রধান বক্তা আলহাজ্ব এনামুল হক শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি মোঃ নজরুল ইসলাম অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাবপত্র, শ্রেণিকক্ষ ও বাথরুম সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় তারা সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন এবং জাতীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তিনি এসব অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের পরিশ্রমের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *