চট্টগ্রামে কাউন্সিলর আনোয়ারের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে থাকার দাবি

সোহেল,  চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভূমি দখল, প্রভাব বিস্তার এবং একাধিক মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, একাধিক মামলায় নাম থাকা সত্ত্বেও তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের জমি দখলের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে আনোয়ারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও পরিবারের সম্পত্তি দখল করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, চিকিৎসক ডা. আবু জাফরের সম্পত্তিও দখল করা হয়েছে, যার ফলে তাঁর উত্তরাধিকারীরা ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া তারেক মনিরুল ইসলাম বলেন, “আমাদের পারিবারিক জমি জোরপূর্বক দখল করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার চাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, আনোয়ারের প্রভাবের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। তাঁদের দাবি, অভিযোগ জানিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে আনোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি বলেন, “আমরা সব সময় ক্ষমতায় থাকি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *