নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী নুর উদ্দিনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া কামাল নিহাত উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। তাঁর স্বামী নুর উদ্দিন একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের শুরুর দিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন পর যৌতুক নিয়ে বিরোধ শুরু হয় বলে অভিযোগ পরিবারের।
নিহত তানিয়ার বাবা মোহাম্মদ কামাল জানান, গত ঈদুল ফিতরে তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নতুন পোশাক ও বিভিন্ন উপহার দাবি করেছিলেন। রমজান মাসে নিজের সামর্থ্য অনুযায়ী তিনি উপহার দিয়েছিলেন। তবে সম্প্রতি আবারও পোশাক ও অতিরিক্ত যৌতুক দাবি করা হলে তা পূরণ করা সম্ভব হয়নি। এরপর থেকে মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
মোহাম্মদ কামালের দাবি, এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হয়েছে। তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার পর গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তানিয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।