Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চবিতে নিলস্-এলইবির মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অংশ নিলেন ৩ শতাধিক শিক্ষার্থী - দৈনিক স্বাধীন সংবাদ

চবিতে নিলস্-এলইবির মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অংশ নিলেন ৩ শতাধিক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)’-এর যৌথ আয়োজনে দ্বিতীয় ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, আইনগত বিশ্লেষণ, সংসদীয় বিতর্ক ও গণতান্ত্রিক চর্চার বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আয়োজনের প্রথম দিনে অংশগ্রহণকারীরা তিনটি পৃথক হাউসে নির্ধারিত আইনগুলোর বিভিন্ন দিক, আইনগত জটিলতা, সংশোধনী ও খসড়া প্রণয়ন নিয়ে বিতর্ক ও আলোচনা করেন। এর আগে অংশগ্রহণকারীদের কাছ থেকে খসড়া প্রস্তাব সংগ্রহ করা হয়। সেখান থেকে ২০ জনকে নির্বাচিত করে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। পরে অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।

তিনটি হাউসে আলোচনার বিষয় ছিল—‘পরিবেশগত ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’, ‘নিরাপদ খাদ্যব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এবং ‘নিরাপদ অভিবাসন ও মানবসমাজ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’।

দ্বিতীয় দিনে নির্ধারিত বিষয়গুলোর ওপর দলভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিতর্ক, সমালোচনামূলক পর্যালোচনা ও আলোচনা করা হয়। সবশেষে সংশোধিত খসড়া বিলের ওপর ভোট গ্রহণ এবং তা আনুষ্ঠানিকভাবে গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব, ওয়াইপিএসএ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, আইন অনুষদের সাবেক ডিন ও অধ্যাপক প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন এবং নিলস্ বাংলাদেশ জাতীয় বোর্ডের সভাপতি ফজলে রাব্বি তাওহিদ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দ্বিতীয় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর সহআহ্বায়ক সামিহা হক শাহী। পুরস্কার পর্ব পরিচালনা করেন নিলস্ বাংলাদেশ জাতীয় বোর্ডের সাধারণ সম্পাদক ইতমানান মুনির বাসিলিস।

আয়োজনে অংশগ্রহণকারীদের আইনগত বিশ্লেষণ, যুক্তিনির্ভর বক্তব্য, নীতিপ্রস্তাব, বিতর্ক, দলগত কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।

আয়োজকদের মতে, এ আয়োজন তরুণ আইন শিক্ষার্থীদের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে বাস্তবভিত্তিকভাবে সম্পৃক্ত করার পাশাপাশি নেতৃত্ব, গবেষণা, আইনগত বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য এবং গণতান্ত্রিক চর্চার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *