মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় রায়হান মোল্লা ওরফে রোহান (৫০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে আলোচিত শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সন্ত্রাসীরা। সোমবার (রাত) চাষাড়া ডাকবাংলা মোড়ের বিপরীতে নতুন রাস্তায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রায়হান মোল্লা ওরফে রোহান নারায়ণগঞ্জ শহরের গলাচিপা পোড়াবাড়ী এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি পরিবারসহ ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোড এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত রোহান জামতলা হিরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন। কয়েক মাস আগে তার স্ত্রী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতের বড় ছেলে রাব্বির ভাষ্যমতে সকাল নয়টার দিকে তার বাবা বাসা থেকে বের হন। পূর্ব শত্রুতার জের ধরে রাজ্জাক ও তার বাহিনীর সঙ্গে তার বাবার বিরোধ ছিল।
রাব্বি আরও জানান, ওই বিরোধের জের ধরেই রাজ্জাক, আলী, ফরিদ, শরিফসহ ৮-১০ জন সন্ত্রাসী ডাকবাংলার উল্টো দিকের নতুন রাস্তার মনসুর মিয়ার হোটেলের সামনে তার বাবাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় পথচারী ও অটোরিকশা চালকরা রক্তাক্ত অবস্থায় রায়হান মোল্লাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জানান, কয়েক মাস আগেও তার বাবার ওপর হামলা চালানো হয়েছিল। এক সময় হত্যাকারীরা তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তবে কী কারণে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তা তিনি নিশ্চিতভাবে জানেন না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে মাদক ব্যবসা সংক্রান্ত কোন্দল থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।