চীনের সঙ্গে শিগগিরই শুরু হবে ‘২+২’ সংলাপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চীনের সঙ্গে কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে ‘২+২’ সংলাপ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দুই দেশের মধ্যে সংলাপ শুরুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের প্ল্যাটফর্ম হলো ‘২+২’ সংলাপ। দ্বিপক্ষীয় সম্পর্ক যখন আরও গভীর পর্যায়ে পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের সংলাপের প্রয়োজনীয়তা তৈরি হয়।

তিনি বলেন, ‘২+২’ সংলাপের উদ্যোগ বর্তমান বিশ্বে বাংলাদেশের দৃশ্যমান গুরুত্বেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন বৈশ্বিক অংশীজনের কাছে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান একটি দেশ হিসেবে অবস্থান তৈরি করেছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার চীন এমন একটি ‘২+২’ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যেখানে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানের গুরুত্ব এবং নির্বাচিত সরকারের অধীনে দেশের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তাৎপর্যও এ উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে বাংলাদেশ শক্তিশালী অবস্থান থেকে এ আলোচনায় অংশ নেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘২+২’ সংলাপ শুরুর জন্য প্রাথমিক প্রস্তুতি ও ভিত্তি তৈরির কাজ চলছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে খুব শিগগিরই এ সংলাপ শুরু হবে। তবে এখনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে ‘২+২’ সংলাপের এই প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *