ইমাম হোসেন ইমন:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন সিরাজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরব ভূমিকা রাখায় একটি স্বার্থান্বেষী মহল তার ওপর ক্ষুব্ধ হয়ে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে করেরহাট ইউনিয়নের বিভিন্ন ছড়া ও নদী থেকে একটি অসাধু চক্র অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে নদী ও ছড়ার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের রাস্তা, বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ পরিস্থিতিতে জনস্বার্থে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন সিরাজ স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তার প্রতিবাদের কারণে বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে যায় বলেও তারা জানান।
স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট একটি চক্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বেলায়েত হোসেন সিরাজকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন সিরাজ বলেন, “আমি সবসময় করেরহাটের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের পক্ষে কাজ করেছি। অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে যারা এলাকার পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করছিল, আমি তাদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের অপপ্রচার আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। আমি এসব ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেলায়েত হোসেন সিরাজের জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে তার অবস্থানের কারণে সংশ্লিষ্ট একটি চক্রও তার ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।
তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
স্থানীয়দের পক্ষ থেকে করেরহাটের বিভিন্ন ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেলায়েত হোসেন সিরাজের বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলো যাচাই করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।