ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

সাজ্জাদ রহমান:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামের তালতলা এলাকায় আমেনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগ তুলেছেন তাঁর পরিবার। টাকা চুরির অপবাদ দিয়ে দীর্ঘদিন নির্যাতনের পর তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজপানুয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আমেনার ভাই রিপন ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

নিহত আমেনা বেগম ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। বিগত ছয় বছর আগে পারিবারিকভাবে উপজেলার সত্যনগর গ্রামের আবু রসুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি আবু রসুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক সম্মতিতেই এ বিয়ে হয়েছিল।

নিহতের মামা দেলোয়ার হোসেন জানান, বিয়ের পর থেকেই নানা কারণে আমেনাকে অপমান-অপদস্থ ও শারীরিক-মানসিক নির্যাতন করা হতো।

সর্বশেষ গত শনিবার রাতে ঘর থেকে টাকা হারানোর ঘটনাকে কেন্দ্র করে আমেনার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়। এ সময় তাঁর স্বামী, সৎ ছেলে ও ছেলের বউ তাঁকে বকাঝকা ও অপদস্থ করেন বলে অভিযোগ রয়েছে। রবিবার ভোরে তাঁর স্বামীর পাশের কক্ষে আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত রবিবার সকালে স্বামীর বাড়ি থেকে আমেনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে আবু রসুলের প্রথম সংসারের ছেলে ও ছেলের বউ পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অন্যদিকে, আমেনার স্বামী আবু রসুলের দাবি, প্রায়ই তাঁর পকেট থেকে টাকা হারিয়ে যেত। এ নিয়ে শনিবার রাতে আমেনাকে বকাঝকা করা হয়। পরে তিনি ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ শেষে ঘরে ফিরে আমেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘরে থাকা ছেলে ও ছেলের বউকে আর পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আমেনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার আমেনা বেগমের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *