জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, নিরাপত্তা ও বিচার চেয়ে মনপুরায় সংবাদ সম্মেলন

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরায় জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. শাহাবুদ্দিন (৪৫)। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন বলেন, তিনি উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা এবং আ. মালেক ব্যাপারীর ছেলে। একই এলাকার আবুল নছু মিয়ার ছেলে মো. নাজিম (৩২)-এর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

তার অভিযোগ, মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা নাজিম তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তি তার ওপর হামলা করেছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশকারীদের উদ্যোগে বিষয়টির মীমাংসা হলেও অভিযুক্ত সেই সিদ্ধান্ত মেনে চলেননি।

শাহাবুদ্দিনের দাবি, সর্বশেষ ঘটনার সময় অভিযুক্ত তার স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে যান।

তিনি বলেন, বারবার হামলা ও হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *