জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬-এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এ র‍্যালির শুভ উদ্বোধন করেন।

র‍্যালিটি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করা, যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং জাতীয় উন্নয়ন ও দেশ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের অবদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবকদের অবদান অনস্বীকার্য। যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল জনশক্তিতে রূপান্তর করতে পারলেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে হবে। তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বর্ণাঢ্য এ র‍্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন যুব সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ, যুব সংগঠক ও তরুণ প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে যোগ দেন।

ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো র‍্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে তাঁদের অংশগ্রহণ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *