জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টের সদস্য রাসেল ও তাঁর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা

স্টাফ রিপোর্টার:

‘দৈনিক আজকের জনবাণী’ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টের সম্মানিত সদস্য মোঃ রাসেলের প্রকাশিত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের জেরে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর চালানো অন্যায় হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে সাংবাদিক মোঃ রাসেলসহ তাঁর বৃদ্ধ বাবা ও নিরপরাধ ভাইকে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর গভীর ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী মহল। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘দৈনিক আজকের জনবাণী’ পত্রিকায় “লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদে বান্দরবানের লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলিঙ্গা পাড়ায় পারিবারিক বিরোধ, ১৪৪ ধারায় মামলা এবং নিরীহ আত্মীয়দের জড়িয়ে হয়রানির প্রকৃত চিত্র তুলে ধরা হয়।

সংবাদটি প্রকাশের পর থেকেই মামলার ক্ষুব্ধ বাদী পক্ষ সাংবাদিক মোঃ রাসেলের ওপর চরমভাবে চড়াও হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে এবং সাংবাদিককে মানসিকভাবে দমাতে ও কোণঠাসা করতে এখন তাঁর পরিবারকে টার্গেট করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার মতো একটি শীর্ষস্থানীয় সংগঠনের ট্রাস্টের সদস্য হওয়া সত্ত্বেও মোঃ রাসেল, তাঁর বৃদ্ধ বাবা এবং ভাইকে জড়িয়ে একাধিক সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করার গভীর পাঁয়তারা চালাচ্ছে ওই মহলটি। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে সাংবাদিক ও তাঁর পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

আইনগত পদক্ষেপের বিষয়ে সাংবাদিক মোঃ রাসেল জানান, এই অব্যাহত হুমকি এবং মিথ্যা মামলার ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ও তাঁর পরিবার আইনি আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন মহলে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এই ন্যক্কারজনক ও প্রতিহিংসামূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “সংবাদ প্রকাশ কোনো অপরাধ নয়। তথ্যের সত্যতা তুলে ধরা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। কিন্তু সংবাদের জেরে জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টের সদস্য মোঃ রাসেল এবং তাঁর বৃদ্ধ বাবা ও ভাইকে টেনে এনে মিথ্যা মামলার ভয় দেখানো এবং হয়রানি করার এই অপচেষ্টা অত্যন্ত কাপুরুষোচিত এবং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার এক চরম বহিঃপ্রকাশ।”

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং সাংবাদিক মোঃ রাসেল ও তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় সাংবাদিক সমাজ সাংবাদিক ও তাঁর পরিবারের সুরক্ষায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *