জাপানি নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে এক জাপানি নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার রাজধানী নাহা শহরের একটি হোটেল কক্ষে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার (৪ অক্টোবর) ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই মেরিন সদস্যকে আটক করা হয়।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন আন্না ইয়াগির সঙ্গে এক বিদেশি নাগরিককে হোটেলে প্রবেশ করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে একাই হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তার সঙ্গে ভুক্তভোগীর ওয়ালেট, ব্যাকপ্যাকসহ অন্যান্য জিনিসপত্র ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জাপান সরকার টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে মার্কিন দূতাবাস তদন্তে জাপানি কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার দুপুর ১টার দিকে সন্দেহভাজন মার্কিন মেরিন সদস্যকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *