জামদানিতে পূর্ণিমার মুগ্ধতা, বাঙালিয়ানার সাজে নজর কাড়লেন অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা, যিনি পূর্ণিমা নামেই বেশি পরিচিত, বর্তমানে নিয়মিত চলচ্চিত্রে দেখা না গেলেও দর্শকের ভালোবাসায় এখনো সমানভাবে জনপ্রিয়। অভিনয়ের ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের আগ্রহ ধরে রেখেছে।

রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে পূর্ণিমার রয়েছে দীর্ঘদিনের জনপ্রিয়তা। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘ভালোবাসার লাল গোলাপ’-এর মতো সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের মনে জায়গা করে আছে।

অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশনবোধও বরাবরই ভক্তদের আকৃষ্ট করে। কখনো আধুনিক সাজে, আবার কখনো বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি। প্রতিবারই তার সাজে আলাদা নান্দনিকতা ফুটে ওঠে।

সম্প্রতি জামদানি শাড়িতে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিগুলোতে তাকে দেখা গেছে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি শাড়ি, আর মাথার খোপায় ফুলের মালা। সরল অথচ আভিজাত্যপূর্ণ এই সাজে অভিনেত্রীর সৌন্দর্য যেন আরও বেশি ফুটে উঠেছে।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য…।’

তার এবারের সাজে অতিরিক্ত চাকচিক্যের বদলে প্রাধান্য পেয়েছে জামদানির ঐতিহ্য ও খোপায় ফুলের মালার স্নিগ্ধতা। ফলে পুরো সাজে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী ও নান্দনিক আবহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। অনেকেই তার ঐতিহ্যবাহী সাজের প্রশংসা করেছেন। বাঙালি সংস্কৃতি ও আধুনিক রুচির মেলবন্ধনে পূর্ণিমার এই সাজ যেন আবারও মনে করিয়ে দিয়েছে, সময় বদলালেও জামদানির সৌন্দর্য ও আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *