জাল দলিলের মাধ্যমে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

সাঈদ হাসান সানি: 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙালি পাড়া এলাকায় জাল দলিল তৈরি করে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িঘরে ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ করেছেন ছোট ভাই পলাশ ও তার পরিবার।

সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ২১ মে দুপুর ১টা ৩০ মিনিটের সময় সরিষাবাড়ীর বাউসি বাঙালিপাড়া গ্রামের মৃত পারুল মিয়ার বড় ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান কর্তৃক ভাড়া করা ক্যাডার বাহিনী দিয়ে তার ছোট ভাই পলাশ এবং তাদের মায়ের ঘর ভেঙে তছনছ করে ফেলে। নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

ঘটনাস্থল থেকে গণমাধ্যমকর্মীদের প্রতিবেশী বাবলু মিয়া জানান, ঘটনা সত্য এবং আমরা জানি পলাশের বড় ভাই জিয়াউর রহমান জাল দলিলের মাধ্যমে প্রায় সব সম্পত্তি একাই ভোগ করছেন। বাকি অংশটুকুতেও কাউকে থাকতে দেবেন না বলেই এই ভাঙচুর ও লুটপাট চালিয়ে পলাশকে বাড়িছাড়া করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে।

বাড়ির আশেপাশের নারী-পুরুষ অনেকেই জিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জিয়াউর রহমান জাল দলিলের মাধ্যমে জায়গা দখল করে আছেন এবং তাকে কেউ কিছু বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার স্ত্রী শাপলা বেগমের ভয়ে আশপাশের সবাই নীরব।

ভুক্তভোগী পলাশ জানান, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বড় ভাই জিয়াউর রহমান জাল দলিল তৈরি করে জমি নিজের নামে নিয়ে দখল করে আছেন। এ ব্যাপারে কথা বলতে গেলেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ২১ মে দুপুরে হঠাৎ এলাকার বাইরে থেকে ভাড়া করা ক্যাডার বাহিনী নিয়ে এসে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত জিয়াউর রহমানের উপযুক্ত শাস্তি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *