জিএসপি সুবিধা কাজে লাগিয়ে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ-কিরগিজস্তান

নিজস্ব প্রতিবেদক:

ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশাধিকার বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তৈরি পোশাক ও ওষুধশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এ ছাড়া দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয়।

দেশটির শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এবং সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিরগিজস্তানে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, কৃষি ও ডিজিটাল সেবা খাতে কর্মীর চাহিদা রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এদিকে, বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে বৈঠকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ গবেষণা ও ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন গুলজাত ইসামাতোভা।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসব বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *