জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে নতুন জল্পনা

স্বাধীন সংবাদ বিনোদন:

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনেত্রী বাগদান সম্পন্ন করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামের সঙ্গে।

এর আগে গুঞ্জন ছিল, অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে সম্পর্কের কারণে জেনিফার বিয়ের পরিকল্পনায় রয়েছেন। তবে নতুন তথ্য অনুযায়ী, সেই গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেই জানা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনিফার উইংগেট ও ইসমাইল উইলিয়াম দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এক ভ্রমণের সময় উইলিয়াম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তা গ্রহণ করেন। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের আরও দাবি, এই বিয়ে খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হতে পারে। তবে এখনো পর্যন্ত বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বিয়ে হতে পারে, আবার তা ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতেও গড়াতে পারে।

এদিকে বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ অনেক তারকাই নাকি এই বিয়ের বিষয়ে ইতোমধ্যে অবগত। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, বলিউড তারকা রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া দেশমুখও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, জেনিফার উইংগেট এর আগে অভিনেতা কর্ণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হলেও ২০১৪ সালে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৬ সালে কর্ণ বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *