জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও এক অজ্ঞাতনামা মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেলের মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ছালেহা বেগম (৫৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে তার বসতঘরের পেছনের কাঁচা রাস্তার ওপর থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ছালেহা বেগম খিলমুরারী এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ ইউনুছ মিয়া এবং মাতার নাম মোছাঃ জয়বানু। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ২৩ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও এক মাদক কারবারি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পারলে এলাকায় শান্তি ও নিরাপত্তা আরও জোরদার হবে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *