জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, ব্রেন্টের দাম ছাড়াল ১০২ ডলার

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় সংকট এবং হরমুজ প্রণালিতে নৌপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) টোকিওর বাণিজ্যে বিভিন্ন ধরনের অপরিশোধিত তেলের দামে ভিন্ন চিত্র দেখা যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়ে ১০২ দশমিক ৩১ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান তেল সূচক মুরবান অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে উঠে যায়। তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এবং প্রাকৃতিক গ্যাসের দামে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ও মার্কিন ডব্লিউটিআইয়ের মধ্যে দামের ব্যবধান বর্তমানে ব্যারেলপ্রতি ১১ ডলারের বেশি। হরমুজ প্রণালি দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে অপরিশোধিত তেল পরিবহনের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাজারে বাড়তি ঝুঁকি-প্রিমিয়াম যুক্ত হয়েছে।

বিশেষ করে ট্যাংকার সংকট, অতিরিক্ত বীমা ব্যয় এবং বিকল্প দীর্ঘ সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য হওয়ার কারণে তেল পরিবহনের খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর।

এদিকে বিশাল আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজের ভাড়াও রেকর্ড পরিমাণে বেড়েছে। এতে তেল আমদানিকারক দেশগুলোর শোধনাগারগুলোর ওপর ব্যয়জনিত চাপ আরও বাড়ছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হওয়ায় এ নৌপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *