আমির হোসেন:
ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। এ শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও ঐতিহ্য সংরক্ষণে করণীয় নির্ধারণে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল ও ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে পৃষ্ঠপোষকতার অভাব ও আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ শিল্প আজ সংকটের মুখে। শিল্পটি টিকিয়ে রাখতে পাটিকর কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় পাটিকর কারিগরদের শীতলপাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতির হাতে-কলমে প্রদর্শনী। কারিগরদের নিপুণ বুননশৈলী ও শৈল্পিক দক্ষতা দেখে অতিথিরা মুগ্ধ হন। এ সময় তাঁরা শীতলপাটি তৈরির শ্রমসাধ্য প্রক্রিয়া ও এর ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রতীক কুমার কুন্ডু বলেন, নলছিটির শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরা, জিআই স্বীকৃতি অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে আরও গতিশীল করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিল্পের সঙ্গে জড়িত পাটিকর কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সরকারি সহায়তা পেলে ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নেবে।