জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি মো. আব্দুর রাজ্জাক খান ওরফে মানিক মিয়া (পিতা: মৃত আব্দুল ওয়াহাব খান), সাং- চারান এবং ৩ নম্বর আসামি মো. আতোয়ার রহমান শেখ (পিতা: মৃত মজিবর রহমান শেখ)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনারাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হন এবং পরবর্তী সময়ে একটি সন্তানের জন্ম দেন। এ ঘটনায় মো. উজ্জ্বল, মো. মানিক মিয়া ও মো. আতোয়ার রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১), ১৩ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৩০ জুন ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করা হয়। পরে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার, সিআইডি, টাঙ্গাইলকে নির্দেশ দেন আদালত। অনুসন্ধান শেষে সিআইডি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করে।
তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগকারী নারাজি আবেদন করেন। আবেদনে তিনি দাবি করেন, মামলার সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও অনুসন্ধানকারী কর্মকর্তা তাঁর উল্লেখিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করেই প্রতিবেদন দাখিল করেছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আসামিদের বিরুদ্ধে পুনরায় তদন্তের আবেদন জানান তিনি।
পরবর্তী সময়ে আদালত অভিযোগকারীকে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী পুনরায় পরীক্ষা করেন। নথিপত্র ও নারাজি আবেদনের সার্বিক পর্যালোচনা শেষে আদালত নারাজি আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), টাঙ্গাইলের পুলিশ সুপারকে নিজে অথবা অধীনস্থ কোনো পরিদর্শক বা উপপরিদর্শকের মাধ্যমে সাত কার্যদিবসের মধ্যে অধিকতর অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে মামলার দুই আসামি মানিক মিয়া ও আতোয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।