টাঙ্গাইলের মধুপুর রেঞ্জের আওতাধীন মহিষমারা বিটে শালগাছের মডেল প্লটের শুভ উদ্বোধন

মোঃ হাসান আলী:

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে ‘মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক প্রকল্পের আওতায় মধুপুর উপজেলার শালবন পুনরুদ্ধারে শাল ও শালের সহযোগী চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ড. আবু নাসের মহসিন হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, টাঙ্গাইল বন বিভাগ।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রোকসানা জাহান, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, মধুপুর রেঞ্জ; আসাদুজ্জামান টিটু, বিট কর্মকর্তা, মহিষমারা বিট। এছাড়া মহিষমারা বিটের সকল স্টাফ, মোঃ লিটন মুন্সি, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও সমাজসেবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ড. আবু নাসের মহসিন হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা, টাঙ্গাইল বন বিভাগ বলেন, আমরা ২০২৬ সালে মধুপুর রেঞ্জে যে বৃক্ষরোপণ শুরু করলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালে যে বিষয়টি নির্ধারণ করেছেন—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

এই প্রতিপাদ্যের আলোকে সারা বাংলাদেশে ৫ কোটি চারা রোপণ করা হবে। মধুপুর উপজেলা এবং মধুপুরে যে চারটি রেঞ্জ অফিস আছে সেখানে আমরা ১১০০ একর জায়গায় চারা লাগাবো। এখানে আমরা প্রায় ১২ লক্ষ চারা রোপণ করবো। আমরা বুঝতে পারছি যে টাঙ্গাইলের মধ্যে মধুপুরেই সবচেয়ে বেশি বৃক্ষরোপণ হবে।

আমরা আজকে যে বৃক্ষরোপণ করলাম সেটি প্রধানত শালবন পুনরুদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি। মধুপুরে ৪৫,৫৬৫ একর শালবন ছিল, এখন সামাজিক বনায়ন, রাস্তা-ঘাট এবং বিভিন্নভাবে জবরদখলের কারণে অনেক অংশ কমে গেছে।

এখন এই বছর থেকে আমরা শালবন পুনরুদ্ধারের কাজ করছি। পাশাপাশি সাথী ফসল হিসেবে আদা, হলুদ ও আনারসের চারা রোপণ করা যাবে। এই শালবনের চারা বড় হলে যারা উপকৃত হবেন তারা ভবিষ্যতে এখান থেকে অর্থনৈতিক সুবিধা পাবেন। এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *