টাঙ্গাইল প্রতিনিধি:
আজ সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৩১ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৯ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষিজমিতে ব্যবহৃত তরল কীটনাশক প্রয়োগ করেছে। এর ফলেই এ বিষক্রিয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় সচেতন মহল।
বিদ্যালয় প্রাঙ্গণের নলকূপে বিষাক্ত পদার্থ মেশানোর এ ঘটনা একদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে।
শিক্ষার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর ও পরিকল্পিত পদক্ষেপ কামনা করেছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন।