নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে সুমনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি মামলার আসামিদের সংখ্যা ও নাম প্রকাশ করতে রাজি হননি।
উখিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক তানভীর আহমদকে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলায় আসামি করা হয়েছে। তবে মামলায় মোট কতজন আসামি রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলো আপাতত কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।