ঢাকাসহ ১৮ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে কাল থেকে

নিজস্ব প্রতিবেদক:

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কমে আসতে পারে।

সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

রাজধানীর বাইরে তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুরে ৩৭, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলীতে ৩৬, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪, নেত্রকোনায় ৩৬, সিলেটে ৩৬ দশমিক ১, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬, যশোরে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ এবং ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চলতি মাসে এর আগেও দুই দফায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। এর পরদিন তা কমে ১১ জেলায় নেমে আসে। এরপর দুই দিনের বিরতির পর শনিবার আবারও তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টির পরিমাণ বাড়ায় তাপপ্রবাহের বিস্তৃতি কমে যায়। এক দিনের বিরতির পর সোমবার আবারও বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ শুরু হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।

এদিকে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে এই লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

লঘুচাপটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফলে আগামী কয়েক দিনের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের বিস্তৃতি কমে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *