ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

হাজারীবাগ প্রতিনিধি:

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর এ কে খান শ্যামল (৫২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় শ্যামলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী সাইমন রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্যামল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এ কে খান শ্যামলের বাবার নাম মো. শামসুদ্দিন। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শ্যামলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *