সূর্য আহমেদ মিঠুন:
আগামী দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে দায়িত্ব পালনের উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে মহানগরীর ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মীদের দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবদুল জব্বার বলেন, নেতৃত্বের প্রস্তুতির জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা, তাকওয়া অর্জন এবং নিজ নিজ পেশায় দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে ইসলামী আদর্শের ওপর অবিচল থেকে সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক সক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৫০০ কর্মীর মধ্যে মাত্র ১২০ থেকে ১৩০ জন সম্মেলনে উপস্থিত হলে সংগঠনের কার্যক্রম কীভাবে গতিশীল হবে? প্রত্যেক কর্মীকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করতে হবে।
সম্মেলনে মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং পূর্ব সাংগঠনিক থানার আমির হাবিবুর রহমানসহ ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।