খসরু মৃধা:
রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নৌঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উত্তরখান থানা-পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের ঘটনায় আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কলেজ ও বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কোর্সমেট কেএসএম ইনতিসার ইনজিমাম নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, গত পরশু রাতে বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ নিখোঁজ ছিলেন।
ইনতিসার আরও উল্লেখ করেন, মরদেহের ছবিতে তাহসিফের হাতে কাদা দেখা গেলেও শরীরের বাকি অংশ পরিষ্কার ছিল। তাঁর ভাষ্য, ঘটনাটি দুর্ঘটনা বা ব্যক্তিগত বিরোধের কারণে ঘটেছে—এমনটি স্পষ্টভাবে প্রমাণিত না হলে তিনি একে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করবেন।
ফেসবুক পোস্টে ইনতিসার আরও দাবি করেন, ৫ আগস্টের ভিডিও প্রকাশের পর তাহসিফ বিভিন্নভাবে মানহানির শিকার হয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পুলিশি মামলা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত দাবি; মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী নদীবন্দর এলাকার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।