আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
বুধবার (৭ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ বাহিনীর গাড়ি পাঠানো হয়। বর্তমানে সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ভবন ধসের স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।
দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভবনটির ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য অনেকে নিজেদের হাতেই বড় বড় পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।
এদিকে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনের দ্রুত চলাচল নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে। সেখানে বিভিন্ন উদ্ধারকারী দল কাজ করছে। এ কারণে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা ও আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
উদ্ধারকারী যানবাহন ও অ্যাম্বুলেন্সকে দ্রুত ঘটনাস্থলে যাতায়াতের সুযোগ করে দিতে নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।