দুদকের আবেদনে নাজমুল আলমের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

আবেদনটি শুনানি শেষে আদালত নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *