দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ১০ দফা পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

জ্যেষ্ঠ প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করা, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা এবং নারী-পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের পথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় পূজার আয়োজক, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য এসব নিরাপত্তা পরামর্শ দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে বিকল্প বিদ্যুৎব্যবস্থা হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর অথবা চার্জার লাইট রাখার কথাও জানিয়েছে পুলিশ।

নিরাপত্তার দায়িত্ব পালনে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের সহজে শনাক্ত করতে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজা উদযাপনের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পরামর্শে আরও বলা হয়েছে, আজান ও নামাজের সময় মসজিদের পাশের পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকতে হবে।

বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের নির্দেশনা

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণের পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর

দুর্গাপূজা চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু এবং টোল ফ্রি।

এ ছাড়া জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।

এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূজার আনন্দ ও ধর্মীয় উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, গুজব এড়িয়ে চলা এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *