ধোবাউড়ায় জমি দখলের চেষ্টার অভিযোগ, আব্দুল খালেকসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মোশাররফ হোসেন জসিম পাঠান:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. বেলাল মিয়া ও তার পরিবারের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ রয়েছে আব্দুল খালেকের বিরুদ্ধে। সর্বশেষ গত ৩০ জুলাই ২০২৬ তারিখে আব্দুল খালেক তার লোকজন নিয়ে ওই জমি পুনরায় দখলের চেষ্টা করলে জমির মালিকপক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় মো. কবির খান বাদী হয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. আব্দুল খালেকসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ধোবাউড়া থানার একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। তাদের ভাষ্য, তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এছাড়া অভিযোগকারী পক্ষের দাবি, আব্দুল খালেক ও তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *