নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক:

উদ্বোধনী নামফলকে নিজের নাম দেখতে পেয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানের একপর্যায়ে নতুন একাডেমিক ভবনের নামফলক উন্মোচন করা হয়। এ সময় নামফলকে নিজের নাম খোদাই করা দেখতে পান হাসনাত আবদুল্লাহ। এরপর স্থাপনার নামফলকে ব্যক্তির নাম ব্যবহারে আপত্তি জানান তিনি। পরে ভবনটি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় কোনো ব্যক্তির নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের উদ্দেশ্যে নামফলকে ব্যক্তির নাম ব্যবহারের প্রবণতা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি তিনি দেখতে চান না। জনগণের অর্থে উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়। তাই এসব স্থাপনার নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম অথবা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য উল্লেখ করা উচিত।

তিনি আরও জানান, ভবিষ্যতে তাঁর নির্বাচনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজের নামফলকে তাঁর নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *