নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ জন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে চাকরিপ্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে পুরুষ ও নারী মিলে মোট ৩২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২২২ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২০ ও ২১ নভেম্বর ‘ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট’ (পিইটি) বা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেবেন।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম) উপস্থিত ছিলেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ড. মাসুরা বেগম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরীক্ষা চলাকালে চাকরিপ্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “কনস্টেবল পদে নিয়োগ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। যারা শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী সব পরীক্ষায় ভালো করবেন, শুধুমাত্র তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।”

তিনি আরও সতর্ক করে বলেন, “প্রার্থীরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি পাবেন। তাই প্রার্থী ও তাঁদের পরিবার যেন কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *