নারায়ণগঞ্জে গণশুনানি: অভিযোগ শুনে দ্রুত সমাধানের নির্দেশ ডিসি রায়হান কবিরের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সাধারণ মানুষের ভোগান্তি কমানো, সরকারি সেবা সহজলভ্য করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে ছিল জমিজমা-সংক্রান্ত বিরোধ, নামজারি, ভূমি উন্নয়ন কর, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ নানা নাগরিক সমস্যা।

জেলা প্রশাসক মনোযোগ দিয়ে সেবাপ্রার্থীদের বক্তব্য শোনেন। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি যেসব অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়নি, সেগুলো সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “গণশুনানি আমাদের কাছে শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে জেলা প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি এবং নিয়মতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবা পেতে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গণশুনানিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *