নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত সেলের সদস্য, ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সভাপতির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত যেকোনো রোগের হাত থেকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি ওয়ার্ডে গঠিত প্রতিরোধ সেলকে আরও সক্রিয় হতে হবে। নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ওয়ার্ড সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করতে হবে। এ কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর কুতুবুল আলম এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, “সমন্বিত উদ্যোগ ছাড়া মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ওয়ার্ড পর্যায়ে জমে থাকা পানি অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে আমাদের টিম সার্বক্ষণিক তদারকি করছে। নাগরিকদেরও নিজ নিজ আঙিনা পরিষ্কার রেখে আমাদের সহযোগিতা করতে হবে।”

সভায় ২৭টি ওয়ার্ডে চলমান মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব এবং মশাবাহিত রোগ প্রতিরোধ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *