মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রেজাউল করিমের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানা থেকে কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস নির্গমনের মাধ্যমে আশপাশের পরিবেশ ও বায়ু দূষিত হওয়ার অভিযোগ ছিল। কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে সেখানে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অপরাধে কারখানাটির ম্যানেজার মো. রেজাউল করিমকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। অভিযান শেষে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশ ও বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানাটি আধুনিক ফিল্টারসহ প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে কালো ধোঁয়া বাতাসে ছেড়ে আসছিল। এ ধরনের কর্মকাণ্ড বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষায় পরিবেশ ও বায়ু দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকদের আইন ও বিধিমালা মেনে কারখানা পরিচালনার আহ্বান জানান তিনি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন।