নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেটের জাল-জালিয়াতি ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগমনিপা বেগম

ভুক্তভোগী এমরান হোসেন অভিযোগ করে বলেন,

“আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোদ্দঘোষপাড়া মৌজার ১১২ নং আরএস দাগে ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। বিডিডিএল নামের একটি কোম্পানি অসৎ উদ্দেশ্যে ১১১ নং দাগে রাস্তা নির্মাণের জন্য আমার জমি থেকে এক শতাংশ ভূমি দখল করে নেয়। তারা সাজু ডেভেলপার ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপির সহযোগী শাহজালাল বাদলসহ কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির উপর দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ করে।”

তিনি আরও বলেন,

“আমি তখন ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক থাকায় রাজনৈতিক কারণে কিছুই করতে পারিনি। ২০২৫ সালের মার্চ মাসে বিডিএস জরিপ শুরু হলে আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাই এবং মানববন্ধনও করি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

এমরান হোসেন জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন,

“আমার পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই। না হলে ভূমিদস্যু সিন্ডিকেট এভাবে আরও অনেকের সম্পত্তি দখল করে নেবে।”

স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জাল নথি, প্রভাব ও টাকার জোরে কিছু অসাধু ভূমি জরিপ কর্মকর্তার সহযোগিতায় ব্যক্তিগত জমিকে রাস্তা বা সরকারি খতিয়ানভুক্ত দেখানো হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *