মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির জানিয়েছেন, ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল।
প্রাথমিকভাবে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়ন বাতিল ও ৪০ জনের বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল প্রক্রিয়ায় আরও ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন—
-
নারায়ণগঞ্জ-১: আব্দুল কায়ুম শিকদার (বাংলাদেশ খেলাফত মজলিস)
-
নারায়ণগঞ্জ-২: মোহাম্মদ আবুল কালাম (বাংলাদেশ খেলাফত মজলিস)
-
নারায়ণগঞ্জ-৪: ইলিয়াস আহমেদ (খেলাফত মজলিস)
এবার চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪৭ জন প্রার্থী।
প্রার্থীশ্রেণির মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম আগামীকাল (বুধবার, ২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় নারায়ণগঞ্জ-১, ২ ও ৩ আসনের, এবং দুপুর ১২টায় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তবে প্রতীক বরাদ্দ পেলেও প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি এবং নির্বাচন সংক্রান্ত নির্দেশনা পুনরায় জানানো হবে।