নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শব্দ দূষণকারী ৫টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান। এ সময় সদর মডেল থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি যৌথ টিম অভিযানে অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টিকারী শিল্পকারখানা, প্রকল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ণ ও অতিরিক্ত শব্দের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দ দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। এতে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *