নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ, সবল ও রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাম ও রুবেলা রোগ নির্মূলে সরকারের এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় জেলা প্রশাসক টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, মাঠপর্যায়ের ব্যবস্থাপনা এবং টিকা প্রদানের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)। তারা টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক অভিভাবক ও শিশুর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। উদ্বোধনের পর জেলা প্রশাসক নিজে টিকাদান কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *