মোহাম্মদ হোসেন হ্যাপী:
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি এবং ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিজেদের ও পরিবারের সুরক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতেই আজ ফগার মেশিন ও ওষুধ বিতরণ করা হলো। আশা করি, ইউনিয়ন পরিষদগুলো এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলবে।”
অনুষ্ঠান শেষে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ তুলে দেওয়া হয়।