সূর্য আহমেদ মিঠুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জনগণের ভোটে জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিএনপির আজহারুল ইসলাম (মান্নান) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল নারায়ণগঞ্জ-৩ আসনের বিজয়ী এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তথ্যসূত্রে জানা যায়, এর আগে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল।
এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছিলেন। তাই আমি ও আমার নেতাকর্মীরা সিদ্দিরগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ভাই সিদ্ধিরগঞ্জে জয়লাভ করেছেন। এই জয় ধানের শীষের সকল নেতাকর্মীর পরিশ্রমের ফল। সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জবাসী তাদের সঠিক অভিভাবককে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।