নারী উদ্যোক্তাদের সাফল্যই অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি: বাদরু

মোঃ আনজার শাহ

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের অবদান অপরিসীম। তাঁদের সাহস, শ্রম, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ কেবল ব্যক্তিগত সাফল্যের পথ নয়, বরং দেশের অর্থনীতি ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবেও কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ মোরতাজুল করিম বাদরু।
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস, যা নারী উদ্যোক্তাদের অর্জন, সম্ভাবনা ও অধিকারকে সামনে আনার একটি বৈশ্বিক আন্দোলন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করে খোন্দকার মোহাম্মদ মোরতাজুল করিম বাদরু আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট মানবিক উন্নয়ন প্রচেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের কর্মস্পৃহা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে আরও বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের একপর্যায়ে সফল নারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁদের দীর্ঘ পথচলার শ্রম, নিষ্ঠা, সাহসিকতা, উদ্ভাবনী চিন্তা ও অর্জনকে সম্মান জানানো হয়। বক্তারা প্রত্যাশা করেন, এসব সফলতার গল্প নতুন প্রজন্মের নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।

বাদরু বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কেবল নারীর ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে প্রয়োজন সহজ অর্থায়ন, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, বাজারসুবিধা এবং অনুকূল কর্মপরিবেশ।
তিনি বলেন, এসব সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও সমাজের সচেতন মহলকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। যথাযথ সহযোগিতা পেলে দেশের নারীরা ক্ষুদ্র উদ্যোগ থেকে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতা রাখেন বলে তিনি মনে করেন।

খোন্দকার মোহাম্মদ মোরতাজুল করিম বাদরু বলেন, নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে পারিবারিক সচ্ছলতা এবং শক্তিশালী হবে জাতীয় অর্থনীতির ভিত্তি। নারীর স্বপ্ন, সাহস ও সাফল্যের পথচলাকে সম্মান জানিয়ে তিনি প্রত্যাশা করেন, প্রতিটি নারী যেন নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার সমান সুযোগ পান।

তিনি বলেন, “নারীর অগ্রযাত্রা কোনো একক জনগোষ্ঠীর অগ্রগতি নয়; এটি পুরো জাতির এগিয়ে যাওয়ার গল্প। নারী এগিয়ে গেলে এগিয়ে যাবে পরিবার, সমাজ ও বাংলাদেশ।”
এই প্রত্যয়কে ধারণ করেই তিনি নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে এবং তাঁদের উদ্যোগের পথ প্রশস্ত করতে সবার প্রতি আহ্বান জানান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বাদরু দায়িত্ব পালন করছেন, যা সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনেও উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *